চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন
পি কে রায়, বিশেষ প্রতিনিধিঃ “চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন। বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করে যাচ্ছে। আমরা মনে করি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশ পিছিয়ে থাকবে। তাই আপনাদের প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বি হতে হবে।
শুক্রবার (১২ জুন) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর এর আয়োজনে জেলা সমাজ সেবা কমপ্লেক্স “তিথিডোর” হলরুমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান-উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সমাজ কল্যাণ মন্ত্রী এ.জেডএম জাহিদ হোসেন এমপি।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আজমের সঞ্চালণায় স্বাগত বক্তব্য রাখেন, সমাজ সেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আব্দুুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুর এর পরিচালক (উপ সচিব) মোছাঃ জিলুফা সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার আহমেদ কচি, সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস।
সার্বিক তত্বাবর্ধায়নে ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। এসময় উক্ত অনুষ্ঠানে ৪৯জন কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চ্যাক প্রদান করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, ২৫জন প্রশিক্ষনার্থী, সাংবাদিকবৃন্দ ও সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।








