ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় যুবদল নেতা মাসুদ হত্যার প্রতিবাদে চন্দ্রঘোনায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 13, 2026 - 10:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ-এর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।

আজ (শনিবার) চন্দ্রঘোনা দোভাষী বাজার ও সংলগ্ন প্রধান সড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাছির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন খোকা এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান।

এ ছাড়াও চন্দ্রঘোনা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইরফানসহ চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “মাসুদ ভাইয়ের ওপর এই কাপুরুষোচিত হামলা ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন যদি দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জড়িতদের আইনের আওতায় না আনে, তবে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিক্ষোভ মিছিলটি চন্দ্রঘোনার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।