ঢাকা | জুন ২১, ২০২৬ - ১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাজেট ঘোষণার পরও বাড়েনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামঃ প্রতিমন্ত্রী আজাদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 20, 2026 - 9:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিরোধী দল এবারের বাজেটকে ‘কল্পনার বাজেট’ বলে সমালোচনা করছে। তবে পরিকল্পনা ছাড়া কোনো স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। দেশের উন্নয়নের জন্য বৃহৎ পরিকল্পনা ও সুদূরপ্রসারী লক্ষ্য থাকা প্রয়োজন।

এর আগে বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আঞ্চলিক সমতা নিশ্চিত করে পঞ্চগড়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে আধুনিকভাবে গড়ে তুলতে ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বোদায় মিনি স্টেডিয়াম নির্মাণ, সড়ক উন্নয়ন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল এবং ৬০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনে অংশ নেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বাজেট-পরবর্তী বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকার দাবি জানিয়ে পঞ্চগড়ের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও চলমান উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।