মিশিগানে বামের তৃতীয় বার্ষিক টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) উদ্যোগে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ক্রাইম কমিশন এবং মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অংশগ্রহণে তৃতীয় বার্ষিক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) ওয়ারেন শহরে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা এবং ফেডারেল, স্টেট, কাউন্টি ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) উপদেষ্টা ও ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী।
টাউন হল মিটিংয়ে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, কমিউনিটি পুলিশিং, ভোটার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা ওয়ারেন পুলিশ বিভাগ, ওয়ারেন ক্রাইম কমিশন এবং উপস্থিত অতিথিদের কাছে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। অতিথিরা কমিউনিটির উদ্বেগ ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট অঘোঘো এডিবু, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মাকফল, মিশিগান অঙ্গরাজ্যের জনসম্পৃক্ততা বিভাগের পরিচালক মিকা মাকাশকিল, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর কার্যালয়ের প্রধান সহকারী প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, ওয়ারেন সিটি কাউন্সিলের ভাইস চেয়ার মেলোডি ম্যাগী, ওয়ারেন সিটির কমিউনিটি আউটরিচ পরিচালক অলু জাবারি, ম্যাকম্ব কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড, ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন পল হাউটাস, ক্যাপ্টেন বুটন, ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর, ক্রাইম কমিশনার ট্রেসি আলম, ক্রাইম কমিশনার তাহমিদ চৌধুরী, ট্রয় সিটি কাউন্সিলের প্রার্থী সাদেক রহমান সুমন এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।








