ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্পেনের কাছে হেরে অজুহাত নয়, ব্যর্থতার দায় স্বীকার করলেন এমবাপ্পে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 10:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর কোনো অজুহাত দাঁড় করাননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বরং দলের ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেছেন, সেমিফাইনালের মতো বড় মঞ্চে জয়ের জন্য যে মানের ফুটবল প্রয়োজন, ফ্রান্স তা খেলতে পারেনি।

ম্যাচ শেষে ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেন, ফ্রান্স কৌশলগত, টেকনিক্যাল এবং সামগ্রিক পারফরম্যান্স—সব দিক থেকেই স্পেনের চেয়ে পিছিয়ে ছিল। তাঁর ভাষায়, “বিশ্বকাপের সেমিফাইনালে যা করার প্রয়োজন, আমরা তা করতে পারিনি। তাই জয়ও আসেনি।”

স্পেনের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, প্রতিপক্ষ নিজেদের পরিকল্পনায় অটল থেকে বলের দখল ধরে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছে। শুরু থেকেই স্পেনকে চাপে রাখার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় ফ্রান্স।

পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমবাপ্পে বলেন, স্পেনকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেওয়াই ছিল সবচেয়ে বড় ভুল। বিশেষ করে মাঝমাঠে বারবার সংখ্যাগত সুবিধা পাওয়ায় স্পেন সহজেই খেলায় আধিপত্য বিস্তার করেছে। পাশাপাশি ফ্রান্সের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব এবং বল ফিরে পাওয়ার পর প্রথম পাস ও প্রথম স্পর্শের দুর্বলতা দলকে ভুগিয়েছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে ফ্রান্স স্পেনের রক্ষণভাগ ভাঙতে পারেনি। স্পেনের মাঝমাঠের তারকা ফাবিয়ান রুইজ ও রদ্রিকে অতিরিক্ত সময় ও জায়গা দেওয়ায় তারা সহজেই খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

পরাজয়ে হতাশা প্রকাশ করে এমবাপ্পে বলেন, “ফাইনালে ওঠা ছিল আমাদের স্বপ্ন। আমরা পুরো দেশকে নতুন করে স্বপ্ন দেখাতে চেয়েছিলাম, ইতিহাস গড়তে চেয়েছিলাম। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। এখন এই হতাশা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।”

এই হারের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার ফরাসি স্বপ্নের ইতি ঘটল। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে স্পেন বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।