চট্টগ্রামে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণে সিএমপির কড়া বার্তা, মানতে হবে ৫ নির্দেশনা
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীতে সিএনজিচালিত অটোরিকশার চলাচলে শৃঙ্খলা আনতে এবং যানজট কমাতে নতুন করে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন সড়ক, টুলবক্স ও ওভারব্রিজে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে এই নির্দেশনাগুলো জনসাধারণের নজরে আনার কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
সিএমপির পক্ষ থেকে জারি করা নির্দেশনাগুলো হলো—
১. পুলিশের নাম ভাঙিয়ে কোনো সিএনজি অটোরিকশায় টোকেন বিক্রি করা যাবে না। এমন কাজে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২. কোনো গাড়িতে টোকেন প্রদর্শিত হলে সেই গাড়ি সঙ্গে সঙ্গে আটক করা হবে। চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, টাকার বিনিময়ে কোনো ধরনের টোকেন গ্রহণ না করার জন্য। পুলিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, টোকেন প্রদানের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
৩. নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো কিংবা পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করলে গাড়ি আটক করা হবে।
৪. গ্রাম সিএনজি এবং ‘অনটেস্ট’ সিএনজি অটোরিকশা মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে পারবে না। প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলেও গাড়ি জব্দ করা হবে।
৫. দুর্ঘটনা এড়াতে ব্যাটারিচালিত অটোরিকশা মূল সড়কে উঠলে, উল্টো পথে চললে বা সেতুতে ওঠার চেষ্টা করলে গাড়ি আটকের মুখে পড়বে।
সিএমপির ট্রাফিক-বন্দর বিভাগ সতর্ক করে জানিয়েছে, এই নিয়মগুলো লঙ্ঘন করলে গাড়ি জব্দসহ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ।








