ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বন্যাদুর্গত কৃষকদের পাশে সরকার, ১৫ দিনেই সব গবাদিপশুকে দেওয়া হবে ভ্যাকসিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 18, 2026 - 12:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, সরকারের পক্ষে একসঙ্গে সব ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব না হলেও, কৃষকরা যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য বীজ, সার, গবাদিপশুর ভ্যাকসিনসহ প্রয়োজনীয় নানা সহায়তা দেওয়া হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ১৫ দিনের মধ্যেই বন্যাকবলিত এলাকার শতভাগ গবাদিপশুকে ক্ষুরা রোগ (এফএমডি) প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। এছাড়া ছয় মাস আগে যেসব পশুকে টিকা দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় মেনে তাদেরও পুনরায় টিকা দেওয়া নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, একটি গবাদিপশুর মৃত্যু একজন খামারির জন্য যে আর্থিক ও মানসিক আঘাত বয়ে আনে, তা মাথায় রেখেই সরকার ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার করছে।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছেই পৌঁছায় এবং কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে নজর রাখতে হবে। বীজ ও ভ্যাকসিন বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান একেবারে জিরো টলারেন্স বলেও স্পষ্ট করেন তিনি। কোথাও অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, জীবনে দুঃসময় সবার কাছেই আসে। সেই কঠিন সময়ে সরকার ও সমাজ যদি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে তারা নতুন উদ্যমে জীবন গড়ার শক্তি ফিরে পান। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি সতর্ক করে দেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে যেন কোনোভাবেই বাড়তি মূল্য আদায় করা না হয় এবং সহায়তা যেন সঠিক ব্যক্তির হাতেই পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। অতীতের মতো কোনো অনিয়ম এবার বরদাশত করা হবে না বলেও জানিয়ে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খোরশেদ আলম, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আপ্রু মারমা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।