ভূরুঙ্গামারীতে ভারতীয় গরুসহ ৩ জন গ্রেফতার
মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:ভূরুঙ্গামারী উপজেলার ভারতীয় গরু চোরাচালানের অন্যতম রোড শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে আটটি গরু ও চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে আটটি গরুসহ চারজনকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত ব্যক্তিরা হলেন আশরাফুল আলম (৩৭), আল আমিন (৩০) ও নুর নবী (২৫) ও সবুজ (২১)। তাদের বাড়ি শালঝোড় ও ঢলডাংগা এলাকায়।
পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ শেষে ০২ টি গরুর বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে সেগুলো কালজানি ঘাট এলাকার কাজিয়ার চর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। বাকি ০৬ টি গরুর মালিকানা যাঁচাই পূর্বক তাদের মালিকদের নিকট ফিরিয়ে দেয়া হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট গরু ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে যদি তারা ভারতীয় গরু সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটককৃত ব্যক্তিদের মধ্যে ০৩ জন ব্যক্তির নিকট ভারতীয় চোরাই মোবাইল ও ভারতীয় সচল সিম পাওয়া গেছে। পুলিশ নিশ্চিত হয়েছে উল্লেখিত ব্যক্তিরা চিহ্নিত চোরাকারবারি। তাদের ফোনে ভারতীয় গরু ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগের প্রামাণ পাওয়া গেছে। ফলে উল্লিখিত ০৩ জন ব্যবসায়ী ও তাদের ০২ টি গরুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ ও সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত গরু দুটির বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আটক হওয়া ০৩ জন চিহ্নিত চোরাকারবারির বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের ও ০২ টি গরু জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন উপজেলায় অবৈধপথে যে সকল গরু বাংলাদেশে প্রবেশ করে তার সিংহভাগ শালঝোড় এলাকা দিয়ে প্রবেশ করে। এ এলাকায় আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করেছি। সেই সাথে এলাকাবাসীকে চোরাকারবারের সাথে জড়িয়ে না পড়তে বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।








