চন্দনাইশে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ত্রাণ বিতরণ
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে সাম্প্রতিক অতিবৃষ্টি ও ঢলে ক্ষতিগ্রস্ত বন্যার্ত ও অসহায় পরিবারগুলোর মধ্যে মানবিক উপহার (ত্রাণ সামগ্রী) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ড. শাহাদাত হোসেনের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।
আজ চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের (যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দল) উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশের কৃতি সন্তান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানবিক মেয়র ড. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম জেদ্দার প্রধান উপদেষ্টা ও সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন চৌধুরী।
বক্তারা বলেন, “দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই জাতীয়তাবাদী দলের মূল লক্ষ্য। সাম্প্রতিক অতিবৃষ্টিতে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ধারাবাহিকভাবে এ মানবিক উদ্যোগ অব্যাহত রাখব।”
আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর মাঝে খাদ্যদ্রব্যসহ প্রয়োজনীয় মানবিক উপহার তুলে দেওয়া হয়। এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপি ও স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।








