ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 30, 2026 - 6:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

ঝালকাঠি জেলা প্রতিনিধি:“লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে পূবালী ব্যাংক পিএলসি রাজাপুর শাখার উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের স্কুল মার্কেট এলাকায় পূবালী ব্যাংক রাজাপুর শাখার তৃতীয় তলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ক্যাম্পেইন চলাকালে আগত গ্রাহকদের ক্যাশলেস ব্যাংকিং সেবা, বাংলা কিউআর, মোবাইল অ্যাপ এবং আধুনিক ডিজিটাল লেনদেন পদ্ধতি সম্পর্কে অবহিত করা হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি, ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের উপস্থিতিতে ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে পূবালী ব্যাংক রাজাপুর শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হাসান টিটু, রাজাপুর ৩০ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম এবং কনিকা মাহফুজ স্পেশালাইজড চক্ষু হাসপাতালের স্বত্বাধিকারী মো. তাওহিদ রশিদ।

অনুষ্ঠানে ব্যাংক প্রধান জানান, নগদ লেনদেন কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবায় গ্রাহকদের উদ্বুদ্ধ করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলা কিউআর, ডেবিট ও ক্রেডিট কার্ড, পিওএস (POS) মেশিন এবং পূবালী ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে।

তারা আরও জানান, দেশের অন্যান্য এলাকার মতো রাজাপুরেও ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা জনপ্রিয় করতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি রাজাপুর শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।