ঢাকা | আগস্ট ১৬, ২০২৬ - ৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহারে দেশের মানুষের ভাগ্য বদলাতে হবে’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 16, 2026 - 12:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

বিশেষ প্রতিনিধি: দেশের মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উৎপাদন বাড়িয়ে মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নদী-খাল-বিল ও জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব।

রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গিয়ে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নদী-খাল ও জলাশয়গুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এসব জলাশয়ে মাছের উৎপাদন বাড়লে একদিকে মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্যজীবী ও চাষিদের আয় বাড়বে। দেশের মানুষের কল্যাণে প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরকে ঘিরে কিশোরগঞ্জজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এবারের জাতীয় পর্যায়ের মৎস্য পক্ষের উদ্বোধন ঢাকার বাইরে কিশোরগঞ্জে হওয়ায় মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে।

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। জেলার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, হাওরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগানো এবং মৎস্য খাতের আধুনিকায়নের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে।