ঢাকা | আগস্ট ২৪, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুবর্ণ নাগরিক কার্ড পেয়ে খুশী ময়মনসিংহ সদরের ২৫০জন প্রতিবন্ধী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 24, 2026 - 5:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে ১ হাজার টাকা সরকারি প্রতিবন্ধী ভাতা, চিকিৎসাসেবা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধা প্রদানের লক্ষে ময়মনসিংহে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ পরিচয়পত্র সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে আবেদন করে প্রতিমাসে এক হাজার টাকা করে জনপ্রতি সরকারি ভাতা পাবে কার্ডধারী প্রতিবন্ধীরা। কার্ড হাতে পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটেছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় সদর উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে উপজেলা সমাজসেবা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলার ২৫০ শত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ সুবর্ণ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এই সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির (বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের প্রতিবন্ধীদের জন্য সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রতিবন্ধীরা এখন আর পরিবার বা সমাজের বোঝা হয়ে থাকবেনা, তাদের জন্য বছরে ১২ হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা উদ্যোগের বার্তা দিয়ে এমপি ওয়াহাব আকন্দ আরও বলেন, ইতিমধ্যে দেশজুড়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ডসহ প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে, যা এখন দৃশ্যমান। অচিরেই এসব কার্ডের মাধ্যমে সারাদেশের উপকারভোগীরা সুফল ভোগ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজু আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতার আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। সুবর্ণ কার্ডপ্রাপ্তরা নিয়ম মেনে আবেদন করলেই প্রতি মাসে পাবে এক হাজার টাকা করে ভাতা।