ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সার ডিলারদের নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 29, 2026 - 3:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:সার ডিলারদের বাদ দেওয়া হবে—এমন প্রচারণাকে গুজব বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে একটি নির্দিষ্ট দলীয় মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করলেও তাদের বাদ দেওয়া হবে না। সার ডিলারদের বাদ দেওয়া হবে—এমন প্রচারণা সম্পূর্ণ গুজব। বরং যেসব স্থানে সার ডিলারের পদ শূন্য রয়েছে, সেসব স্থানে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। এটাই তারেক রহমান সরকারের নীতি।

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শূন্য পদে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে নিজ গ্রামের বা নিজ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকা ব্যক্তিরাই সুযোগ পাবেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। সার সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকিতে জেলা প্রশাসনকে একটি বিশেষ মনিটরিং টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই টিম সার্বক্ষণিকভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেনসহ সংশ্লিষ্টরা।

এ সময় জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাঁচ থানার অফিসার ইনচার্জ এবং নিবন্ধিত রাসায়নিক সার ডিলাররা উপস্থিত ছিলেন।