সিএমপিতে সোয়াট সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট (SWAT) সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য নির্বাচিত সোয়াট সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার প্রশিক্ষণার্থীদের উদ্দেশে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সদস্য হিসেবে নিজেদের গড়ে তুলে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনে সক্ষম হতে হবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (পিপিএম)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।








