ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

মামুন কৌশিক, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, অসহায়-দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে ২০২৫-২৬ অর্থ বছরে এসব সামগ্রী ও সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী (ফুটবল) সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, একটি শিক্ষার্থীর মেধা বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। অসহায় ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। সেলাই মেশিনের মাধ্যমে অসহায় নারীরা ঘরে বসেই আয়-রোজগার করতে পারবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান সহ উপজেলা প্রশাসনের অন্যাম কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠান প্রধান ও ক্লাবে ফুটবল,অসহায়-দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন এবং হুইলচেয়ার বিতরণ করা হয়।