টাইমস স্কয়ারে ছুরিকাঘাত: মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফেরার দিনেই প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
প্রতিবেদক: মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র):ম্যানহাটনের ব্যস্ত টাইমস স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ বছর বয়সী ব্যাংক কর্মকর্তা এরিন পিয়াসেন্টি (Erin Piacenti)। নিউ জার্সির চেস্টারের বাসিন্দা পিয়াসেন্টি ছিলেন ব্যাংক অব আমেরিকার একজন কর্মকর্তা এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার স্নাতক। আইভি লিগভুক্ত এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পিয়াসেন্টি ফোর্ডহ্যাম ল স্কুল থেকেও স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো—পিয়াসেন্টি ছিলেন সদ্য মা হওয়া এক তরুণী। নবজাতক কন্যার যত্ন নেওয়ার জন্য তিনি পাঁচ মাসের মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রথম দিনেই তিনি মর্মান্তিক ছুরিকাঘাতের শিকার হন।
অনলাইনে প্রকাশিত বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, কর্মস্থলে ফেরার ঠিক আগেই স্বামী ও পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলেন পিয়াসেন্টি। এমনকি সন্তানের ব্যাপ্টিজম বা খ্রিস্টধর্মে দীক্ষা অনুষ্ঠানও আনন্দের সঙ্গে উদযাপন করেছিলেন তিনি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের মাত্র চার দিন আগে পিয়াসেন্টি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী ও কোলের শিশুকন্যার সঙ্গে একটি হৃদয়স্পর্শী ছবি পোস্ট করেছিলেন। ছবিতে তাকে প্রাণখোলা হাসিতে দেখা যায়। পোস্টে নিজের সুখের কথাও প্রকাশ করেছিলেন তিনি।
নবজাতক কন্যার দেখাশোনার জন্য পাঁচ মাসের ছুটি পাওয়ায় তিনি কতটা কৃতজ্ঞ—সেই কথাও পোস্টে উল্লেখ করেছিলেন পিয়াসেন্টি। জীবনের এমন আনন্দঘন সময়ের মাত্র কয়েক দিনের মধ্যেই তার আকস্মিক মৃত্যু পরিবার, স্বজন ও সহকর্মীদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কী ঘটেছিল টাইমস স্কয়ারে?
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস (Pamela Cisneros) প্রথমে ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। এরপর তিনি এরিন পিয়াসেন্টির ওপর হামলা চালান।
ঘটনার পর সন্দেহভাজন নারী হাতে ছুরি নিয়ে পুলিশের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ব্যস্ততম পর্যটন এলাকা টাইমস স্কয়ারে দিনের বেলায় এমন সহিংস ঘটনায় নিউইয়র্কবাসী ও পর্যটকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে না।
একজন তরুণ ব্যাংকার, স্ত্রী এবং সদ্য মা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন এরিন পিয়াসেন্টি। পরিবারের সঙ্গে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আনন্দের সময় কাটানোর মাত্র কয়েক দিন পরই এমন নির্মমভাবে তার জীবন থেমে যাওয়া ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।








