মিশিগানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
আহমেদ সেবুল, মিশিগান, যুক্তরাষ্ট্র:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও সিভিক ভয়েসের চেয়ারম্যান পাশা খন্দকার (এমবিই)-কে সংবর্ধনা দেওয়া হয়।
রোববার মিশিগানের হ্যামট্রামিক শহরের আলাদীন রেস্টুরেন্টে মিশিগান বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুর রকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাশা খন্দকার (এমবিই) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হলের সাবেক ভিপি সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল।
এ ছাড়া বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ডালিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক দিনার খান হাসু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা খান, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ওয়াসিমুজ্জামান রনিসহ মিশিগান বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা ও সংবর্ধনা শেষে অতিথি ও নেতাকর্মীদের অংশগ্রহণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।








