নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক
মামুন কৌশিক, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও কার্যক্রমের সূচনা করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
সোমবার (২৩ নভেম্বর ) তিনি স্বপ্নদশাল ব্রিজ-পশ্চিম ছালিপুরা ফেরিঘাট সড়ক উন্নয়ন, নেত্রকোনা-মোহনগঞ্জ আরএইচডি সড়ক থেকে কদমদেউলি মসজিদ পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ ছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরিষার বীজ ও সার বিতরণ এবং উপজেলা পরিষদ হলরুমে রুরাল রোড মেইনটেন্যান্স প্রকল্পের লটারি কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।লটারির মাধ্যমে উপজেলার সাত ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ৭০ জন দুস্ত মহিলা কাজ করার সুযোগ পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান,উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সিনিয়র সহসভাপতি আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ,বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ গণমাধ্যমকর্মীরা।
উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে এলাকাবাসীরা আশা প্রকাশ করেন।








