কবিতা “একটা স্বাক্ষর’ই তো বাকি”
ইন্দ্রজিৎ বিশ্বাস
এ যুদ্ধ যুদ্ধ খেলার একটা অবসান হওয়া চাই
দেখ আমাদের সভ্যতা গিলে নিয়েছে
হাজার সূর্যের আলো।
সোনালি রাত গুলো’র ও তলপেট দেখো
স্থূল হয়ে গেছে-
রোজকার অনাহারে।
এই মর্মান্তিক দুর্ভিক্ষ আর কেন?
বিশ্বাস করো-
আর পাশার চাল চাই না।
চলো আজ একটা সন্ধিপত্র লিখি
নাঙ্গা সংক্রামণ ভুলে-
একটা স্বাক্ষর’ই তো আর আছে বাকি।
দেখ,এই কুরুক্ষেত্রের ভূমির উপরে জমা
ধূসর মেঘ কেমন করে-
রাতের কালো ঝোপে লুকিয়ে যায়,
জলভর্তি শ্রাবণের গর্ভবতী মেঘ হয়ে।
সোনামুখী সকাল গুলো’র খোঁড়া পা দেখতে পাও
ওরা আসেনা কালো ঘাস টপকে
চোখের কোণে-
প্রতিদিন এক হাত করে দূরে সরে যায়।
এই দেখো চরা পড়ে আছে বুকের ভীতর
বাসি ভাতের গন্ধ-
আটলান্টিকার শীতলতা নিয়ে,শুঁকে দেখ
তোমার বাদামি নিঃশ্বাস,নীল হয়ে যাবে।
ঐ দেখ, চুপ ছবি- ক্যাকটাসের হুল গেঁথে
ঠাঁই দাঁড়িয়ে আছে-
পশ্চিমের দুয়ারে,কতো সূর্যাস্তের ইস্তাহার হয়ে,দেখো!
এই অন্তক্ষরণ আর চাই না,বিশ্বাস করো!
চলো আজ একটা সন্ধিপত্র লিখি-
একটা স্বাক্ষর’ই তো বাকি।








