ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে অবৈধ ট্রাফি ট্রাক্টর চাপায় গৃহবধূর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 1, 2023 - 6:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে অবৈধ মাটি ভর্তি ট্রাফি ট্রাক্টরের চাপায় নাসরিন আক্তার (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) সকালে উপজেলার কাকাড়াজান ইউনিয়নের জিতাশ্বরী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ নাসরিন ওই গ্রামের জামাল বাদশার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহানন্দপুর গ্রামের মনির হোসেন এবং জিতাশ্বরী গ্রামের ফারুক অবৈধ ট্রাফি ট্রাক্টর দিয়ে মাটির ব্যবসা করে আসছিলেন। সোমবার সকালে ওই গ্রামের জামাল বাদশার বাড়িতে অবৈধ ট্রাফি ট্রাক্টর দিয়ে মাটি ফেলে। এক পর্যায়ে মাটি বোঝাই ট্রাক্টরটি গৃহবধূ নাসরিন আক্তারকে চাপা দেয়। এ সময় তাঁর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নিহত গৃহবধূর ছেলে হৃদয় মিয়া জানান, মা আমাদের তিন ভাই বোনকে এতিম করে চলে গেলেন। ঘাতক চালক একটু সচেতন থাকলে এমন হতো না।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোন অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, অনুমোদনহীন অবৈধ অসংখ্য ট্রাফি ট্রাক্টর প্রভাবশালীদের ছত্রছায়ায় উন্মুক্তভাবে সখীপুরের কাঁচা-পাকা সকল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে।

চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে সরকারি ব্যয় নির্মিত সড়ক। বিশেষ করে অবৈধভাবে মাটি ও গাছ কেটে বহন করায় বিলীন হচ্ছে পাহাড়ি জনপদের প্রকৃতি ও জীববৈচিত্র। অহরহই ঘটছে অসংখ্য দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাঝেমধ্যে জরিমানা করলেও অদৃশ্য শক্তিতে থামছেনা ওই চক্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরো জোরদার করা প্রয়োজন বলে জানান স্থানীয় জনসাধারণ।