ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় রফিকুল ইসলাম (৫০) নামের এক কৃষক মোটরসাইকেলের ধাক্কায় গুরতর আহত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত ইন্নছ আলীর দ্বিতীয় ছেলে। বুধবার (১৬এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গদের ঘাট এলাকায় রাজাপুর থকে ভাটাপাড়া সড়কের উপরে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত ইন্নছ আলীর দ্বিতীয় ছেলে রফিকুল ইসলাম (৫০) দীর্ঘদিন যাবত বোরো আমন ধানের চাষবাদ করার সুবাদে তার বাবার সাথে হাওর রাজাপুর গ্রামে বসবাস করে আসছে। বুধবার (১৬এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে সে গরুর ঘাস কেটে মাথায় করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে রাজাপুর থেকে ভাটাপাড়া সড়কে ওঠলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দক্ষিণ আমজুড়া গ্রামের বাসিন্দা মোবারক হোসেন (৩৫) নামের এক যুবক আমজুড়া গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে ধর্মপাশা যাওয়ার পথে রফিকুল ইসলাম (৫০)কে পেছন থেকে মোটরসাইকেলের মাধ্যমে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দিলে রফিকুল ইসলাম গুরতর আহত হয়। পরে স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে নেত্রকোণা জেলার কাছাকাছি এলাকায় গেলে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
তবে মোটরসাইকেল চালক মোবারক হোসেনের মোবাইল বন্ধ থাকার কারণে এব্যাপারে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যাক্তির স্বজনরা বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যাওয়ার আবেদন করলে লাশ হস্থান্তর করা হয়। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।








