কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা আটক
মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃনড়াইলের কালিয়ায় বিএনপি দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নড়াইল ১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি’র বিশিষ্ট সহযোগী ও ১৩ টি মামলার এজাহারভূক্ত আসামী আওয়ামী লীগ নেতা সবুজ মোল্লাকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (৩০ এপ্রিল) ভোর রাতে উপজেলার চাঁচুড়ি বাজার সংলগ্ন পুরুলিয়া ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটক সবুজ মোল্যা ওই গ্রামের ফসিয়ার রহমান মোল্যার ছেলে ও এমপি কবিরুল হক মুক্তির অন্যতম সহযোগী।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম ৩০ এপ্রিল রাত ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ওই গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে সবুজ মোল্যাকে আটক করে। এ সময় যৌথবাহিনী তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ০৭ টি দেশিয় অস্ত্র (রামদা), ১০টি ভল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করে।
আটককৃত সন্ত্রাসী সবুজ বিভিন্ন সময় অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় শক্তি প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। সবুজ মোল্যা আওয়ামীলীগ এর এমপি মুক্তি’র ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন হওয়ায় তার ভয়ে অনেকে এলাকার ছেড়ে পালিয়ে গেছে বলেও জানা যায়।
গত বছর ০৫ ই আগষ্ট ছাত্রজনতার অভ্যূত্থানে আওয়ামী সরকারের পতন হলে সে রাতারাতি নিজের রূপ পাল্টিয়ে বিএনপির নেতা বনে যায়। বর্তমানে সে বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আটককৃত আসামী সবুজ মোল্যা ও জব্দকৃত মালামাল ডিবি হেফাজতে রয়েছে।








