ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 22, 2025 - 4:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 170 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:আগামী ২৫ থেকে ২৭ মে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ভূমি মেলা। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে উপজেলা ভূমি অফিস। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহায়তা করে ভূমি সংস্কার বোর্ডের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। স্বাগত বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল সাফিন বলেন, “ভূমি মেলার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে ভূমি সংক্রান্ত অনলাইন সেবাসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবা সহজীকরণ।”

তিনি জানান, মেলায় থাকবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, দাখিলা প্রিন্ট এবং অন্যান্য অনলাইন সেবার তাৎক্ষণিক ব্যবস্থা। এছাড়া স্থাপন করা হবে ভূমিসেবা স্টল, যেখানে দিনব্যাপী এসব সেবা দেওয়া হবে।

মেলায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজনও থাকবে। আগত দর্শনার্থীদের ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, রেকর্ড এবং সমাধানের পাশাপাশি থাকবে সার্বক্ষণিক সেবাবুথ, যেখানে একজন কর্মকর্তাকে দায়িত্বে রাখা হবে।

এছাড়া মন্ত্রণালয় সরবরাহকৃত লিফলেট, বুকলেট ও তথ্যবহুল উপকরণ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। বেসরকারি পর্যায়ের ভূমিসেবা সহায়তা কেন্দ্রের বুথেও নির্ধারিত রেট অনুযায়ী সেবা দেওয়া হবে।

মেলার উদ্বোধনী দিনে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র‍্যালী বের করা হবে।
প্রেস কনফারেন্সে কমলগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।