ঢাকা | মে ৩, ২০২৬ - ৪:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড় প্রেস ক্লাবে উত্তেজনা, প্রশাসনের ১৪৪ ধারা জারি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 29, 2025 - 11:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 142 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী পঞ্চগড় প্রেস ক্লাবে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার (২৮ মে) রাতে একদল দুর্বৃত্ত প্রেস ক্লাবে অবস্থানকারী সাংবাদিকদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এর প্রতিবাদে পেশাদার সাংবাদিকরা পঞ্চগড়-টুনিরহাট সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সদর থানা পুলিশ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মজিদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষুব্ধ সাংবাদিকরা বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ক্লাব খুলে চাবি ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের পর তারা নিজ উদ্যোগে তালা ভেঙে ক্লাবে প্রবেশ করে অবস্থান নেন। দুপুরে ক্লাবের আরেকটি পক্ষও সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে জেলা প্রশাসক মো. সাবেত আলীর নির্দেশে ১৪৪ ধারা জারি করে প্রেস ক্লাব সিলগালা করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান এ সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, জুলাই বিপ্লবের পর ১৭ বছর সদস্যপদ বঞ্চিত সাংবাদিকরা ক্লাবে প্রবেশ করলে পুরোনো কমিটির নেতারা সরে দাঁড়ান। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের সহায়তায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির মাধ্যমে ক্লাব পরিচালিত হয়ে আসছিল।

প্রেস ক্লাবে তালা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন সাংবাদিক প্রতিবাদ জানান ও ফেসবুক লাইভে আসেন।

জেলা প্রশাসক জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।