ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বঞ্চনার অবসান চাই” মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 24, 2025 - 3:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 135 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি শ্যাম কান্ত সিংহ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ, সহ-সভাপতি মইন উদ্দিন খাঁন, উপদেষ্টা আনজুমান আরা রুবি, সৈয়দ মিজানুর রহমান, আব্দুল মুমিন ও অনিরুদ্ধ রায় প্রমোদ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি প্রান্তে নিরলসভাবে টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। অথচ দীর্ঘদিন ধরে তারা উপযুক্ত মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তাঁদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—

১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান শিক্ষাগত যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান,

২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,

৩. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,

৪. পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান,

৫. স্বাস্থ্য সহকারীদের সুনির্দিষ্ট কর্মপরিধি নির্ধারণ এবং

৬. দীর্ঘমেয়াদি চাকরির নিশ্চয়তা ও উন্নয়ন।

সভাপতি শ্যাম কান্ত সিংহ বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সারাদেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী আছেন, যারা শিশু, গর্ভবতী নারী ও কিশোরীদের টিকাদানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হয়েছে।”

তিনি আরও জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, মাঠপর্যায়ে স্বাস্থ্য সহকারীদের এসব দাবি দীর্ঘদিনের, যা স্বাস্থ্যখাতের কাঠামোগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।