খাগড়াছড়ি সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী আটক
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটিয়া ও নোয়াহাট এলাকায় পৃথক অভিযানে বিদেশী অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে একজন সশস্ত্র সন্ত্রাসীকেও আটক করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) লক্ষীছড়ি জোনের নেতৃত্বে গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী জানায়, প্রথমে নোয়াহাট এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫–৩০টি ধারালো ছুরি, চাপাতি, কুড়াল ও দাঁ উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে গোপালঘাটিয়া এলাকায় আরেকটি অভিযানে একজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে সেনা টহল দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১৯৯ রাউন্ড ০.২২ ক্যালিবারের গুলি, ব্ল্যাংক এ্যামোনিশন, ব্ল্যাংক কার্টিজ, একটি ওয়াইন বোতল, ২টি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ, ৩টি দা, ২টি ড্যাগার, চাবুকের চেইন, রাবার স্টিক, একটি রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃত সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানায় সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।








