ঢাকা | মে ১, ২০২৬ - ৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অস্ত্র-মাদক মামলায় নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 29, 2025 - 1:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় নিরীহ এক কৃষক পরিবারের ওপর ষড়যন্ত্রমূলক হয়রানির অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযানে যাকে আসামি দেখানো হয়েছে— আব্দুল কুদ্দুস একজন সৎ, পরিশ্রমী ও কৃষিজীবী মানুষ। তিনি কোনোভাবেই মাদক বা অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত নন। পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে।

বক্তারা আরও বলেন, এলাকায় গিয়ে খোঁজ নিলেই বোঝা যাবে আব্দুল কুদ্দুস কেমন মানুষ। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পিস্তল ও ফেনসিডিল দিয়ে ফাঁসানো হয়েছে।

তারা প্রশাসনের কাছে দাবি জানান, ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।

মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর দুপুরে সোনাপাতিলা গ্রামের আব্দুল কুদ্দুসের বসতঘরের পরিত্যক্ত অংশ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় উদ্ধারকৃত মালামালসহ আটোয়ারী থানায় দুটি মামলা দায়ের করা হয়।