১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না। : ধর্মবিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:ধর্ম মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না। তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে আমরা সক্ষম হয়েছি।”
শুক্রবার পঞ্চগড়ের দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসার এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
খালিদ হোসেন জানান, মডেল মসজিদগুলোতে যেখানে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, সেখানে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুতই প্রতিবেদন জমা দেবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের কিছু অনিয়মের বিষয়ে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। আমি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নই; অফিসারদেরও দুর্নীতিমুক্ত রাখতে সর্বদা সোচ্চার আছি।”
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা আরও জানান, অতীতে জমে থাকা বিভিন্ন হজ এজেন্সির ৩৯ কোটি টাকা সৌদি আরব থেকে ফেরত আনা হয়েছে।








