কবিতা “আর একটি বিজয় দিবস চাই”
আর একটি বিজয় দিবস চাই
—হারুন রশীদ
আর একটি বিজয় দিবস চাই
নতুন একটি বিজয় দিবস-
বিকৃতি ও বিভ্রান্তি থেকে মুক্তির বিজয়
মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিজয়
সাম্য ও ন্যায়বিচারের বিজয়
মানবিক মর্যাদার বিজয়।
নতুন একটা বিজয় দিবস চাই
গণমানুষের বিজয় দিবস-
গণ-আকাঙ্খার বিজয়
গণ-অভিপ্রায়ের বিজয়
গণ-সার্বভৌমত্বের বিজয়
গণতন্ত্রমুক্তির বিজয়।
আরও নতুন একটি বিজয় দিবস চাই
একাত্তরের জনযুদ্ধের বিজয় দিবস-
গেরিলা যুদ্ধের বিজয়
লাল-সবুজের পতাকার বিজয়
স্বাধীনতার স্বাদ আস্বাদনের বিজয়
মুক্তির আনন্দ উপভোগের বিজয়।
আর একটি বিজয় দিবস চাই
পরাধীনতার শৃঙ্খলমুক্তির বিজয় দিবস-
পুঁজির আধিপত্য থেকে মানবিক মুক্তির বিজয়
ঋননির্ভরতা থেকে মুক্তির বিজয়
ভিক্ষাবৃত্তি থেকে মুক্তির বিজয়
সাহায্যের ছদ্মাবরণ থেকে মুক্তির বিজয়।
নতুন একটি বিজয় দিবস চাই
কায়িক শ্রমের মূল্যের বিজয় দিবস-
রোদেপোড়া কৃষকের হাড়ভাঙা খাটুনির বিজয়
ফসলের মাঠে হাসি ফোটানোর বিজয়
ঘামেভেজা শ্রমিকের মুষ্টিবদ্ধ হাতের বিজয়
মেহনতির সৃষ্টিসুখের উল্লসিত বিজয়।
আরও নতুন একটি বিজয় দিবস চাই
রাজাকার-আলবদরমুক্তির বিজয় দিবস-
‘পাকসারজমিন’প্রীতি থেকে মুক্তির বিজয়
মনোজগতের দাসত্ব থেকে মুক্তির বিজয়
মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার থেকে মুক্তির বিজয়
শহিদ বুদ্ধিজীবীদের মর্যাদার বিজয়।
নতুন একটি বিজয় দিবস চাই
পুঁজিতন্ত্রের পুঁজ থেকে মুক্তির বিজয় দিবস-
বুর্জোয়া স্বেচ্ছাচারতন্ত্র থেকে মুক্তির বিজয়
স্বৈরতন্ত্র ও গোষ্ঠীতন্ত্র থেকে মুক্তির বিজয়
ফ্যাসিবাদ ও নব্য-ফ্যাসিবাদ থেকে মুক্তির বিজয়
ধর্মীয় মৌলবাদী ফ্যাসিবাদ থেকে মুক্তির বিজয়।
আরও নতুন একটি বিজয় দিবস চাই
সুস্থ রাজনীতি-সংস্কৃতির বিজয় দিবস-
হিংসা-বিদ্বেষ থেকে মুক্তির বিজয়
প্রতিশোধ-প্রতিহিংসা থেকে মুক্তির বিজয়
মবতান্ত্রিক সহিংসতা থেকে মুক্তির বিজয়
ভয়ভীতি থেকে মুক্তির বিজয়।








