ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 9, 2026 - 3:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাঘায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, বাঘা ও আড়ানী পৌর বিএনপি কর্তৃক আয়োজিত এই সভায় নেতা-কর্মীদের ঢল নামে।

ধানের শীষ প্রতীকের সমর্থনে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, “এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, বরং দেশের সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক।” তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধানের শীষের জয় সুনিশ্চিত করতে হবে। তিনি আরও অভিযোগ করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তারা পরিবর্তন চায়।

বাঘা উপজেলা বিএনপি, বাঘা পৌরসভা এবং আড়ানী পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন।

এ জনসভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান খাঁন মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক,রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দুপুর গড়াতেই বাঘা উপজেলার বিভিন্ন ইউনিট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতা-কর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। ব্যানার, ফেস্টুন এবং দলীয় প্রতীকের প্লাকার্ডে ছেয়ে যায় পুরো মাঠ। ‘ধানের শীষ’ এবং ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাঘা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। সভায় স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি। সভা শেষে একটি বিশাল মিছিল বাঘার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।