রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মুজিবুর রহমান চৌধুরী নির্বাচনের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জে তাঁর আগমন উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুপুরে কমলগঞ্জ সীমান্ত এলাকায় পৌঁছালে শত শত নেতাকর্মী ও সমর্থক ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন। এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যের স্ত্রী ও সন্তানদেরও শুভেচ্ছা জানান।
পরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের নুরজাহান মোড়ে তাঁর গাড়িবহর পৌঁছালে কয়েকশ মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা স্বাগত জানায়। শোভাযাত্রাটি পুরো সড়কজুড়ে উৎসবের আবহ তৈরি করে তাঁকে কমলগঞ্জের খোশালপুরস্থ নিজ বাসভবনে পৌঁছে দেয়। পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে অভিনন্দন জানান। জবাবে হাজী মুজিবও গাড়িতে দাঁড়িয়ে শুভেচ্ছা গ্রহণ করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়; এটি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের আপামর মানুষের। আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা আমি উন্নয়নমূলক কাজের মাধ্যমে ফিরিয়ে দিতে চাই। অবহেলিত জনপদের উন্নয়ন ও মানুষের মৌলিক সেবা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৪টায় তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাঁদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন। এ সময় মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খাঁন, যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরপরই এলাকায় এসে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন ইতিবাচক বার্তা বহন করে। এতে সাধারণ মানুষের প্রত্যাশা ও উন্নয়ন ভাবনায় নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।