ঢাকা | মে ২৫, ২০২৬ - ৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হোয়াইট হাউসের বাইরে গুলিবিনিময়, আহত হামলাকারী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 24, 2026 - 7:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা প্রতিনিধি: হোয়াইট হাউসের ঠিক বাইরে ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের মোড়ে শনিবার সন্ধ্যা ৬টার দিকে গুলির ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন সশস্ত্র ব্যক্তি সেখানে দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের একটি নিরাপত্তা বুথ লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার পরপরই বুথের ভেতরে থাকা সিক্রেট সার্ভিস অফিসাররা পাল্টা গুলি চালান। এতে দুই পক্ষের মধ্যে প্রায় ১৫ থেকে ৩০ রাউন্ড গুলিবিনিময় হয়। সিক্রেট সার্ভিসের গুলিতে হামলাকারী আহত হলে তাকে গ্রেফতার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় রাস্তায় থাকা একজন সাধারণ পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কোনো নিরাপত্তা কর্মী আহত হননি।
গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের লনে অবস্থানরত সাংবাদিক ও সংবাদকর্মীরা দ্রুত ভেতরে গিয়ে প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নেন। নিরাপত্তার স্বার্থে পুরো হোয়াইট হাউস চত্বর লকডাউন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টার দিকে লকডাউন তুলে নেওয়া হয়।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন এবং তিনি নিরাপদ আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে এফবিআই ও সিক্রেট সার্ভিস যৌথভাবে ঘটনার তদন্ত করছে। হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।