ঢাকা | মে ২৫, ২০২৬ - ৪:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 24, 2026 - 7:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে এক গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।” তিনি বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে সড়কপথে মানুষের যাতায়াত স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে নিয়মিতভাবে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা অবশ্যই বাইপাইল, এলেঙ্গা, চন্দ্রাসহ এই অঞ্চলে সুশৃঙ্খল ও নির্দ্বিধায় ঈদযাত্রা নিশ্চিত করবেন।”

তিনি আরো বলেন, মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার স্থাপন করে যানজট সৃষ্টি করা যাবে না এবং রাস্তার ওপর যত্রতত্র বাস রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকেও বিরত থাকতে হবে। ফিটনেসবিহীন যানবাহন কোনোভাবেই সড়কে নামানো যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।

সড়ক ও সেতু মন্ত্রী বলেন, সরকার পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিক রয়েছে। তবে যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক, নিরাপদ ও যানজটমুক্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এছাড়াও সভায় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটির আয়োজন করে জেলা প্রশাসন, গাজীপুর ও বিআরটিএ, গাজীপুর সার্কেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক, গাজীপুর।