ঢাকা | জুলাই ১, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী ২৪ঘন্টা পর সিলেট থেকে উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 1, 2026 - 1:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ২৪ঘন্টা পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। তাদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে চারজন একসঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর সারাদিনেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। বিদ্যালয় ও প্রাইভেট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ওই দিন তারা কোথাও উপস্থিত হয়নি। পরে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে তাদের অবস্থান সিলেটে শনাক্ত করা হয়। পরে বুধবার দুপুর প্রায় আড়াইটার দিকে সিলেট থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “জিডি পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং বুধবার দুপুরে সিলেট থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের সুস্থ অবস্থায় পাওয়া গেছে। কী কারণে তারা সেখানে গিয়েছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” বর্তমানে সিলেটে পুলিশের হেফাজতে রয়েছে তারা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।