মোরেলগঞ্জে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য উপকরণ ও পোনা বিতরণ
বাগেরহাট: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন-উপকূলবর্তী জনপদ বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মৎস্যচাষে উৎসাহিত করতে মৎস্য উপকরণ ও মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষ প্রদর্শনী পুকুরের জন্য এ উপকরণ ও মাছের পোনা বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ। তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বাড়াতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার শেফাইনুর আরেফিন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ. এম. শামীম আহসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গৃহস্থালি পুকুরে চাষ প্রদর্শনীর জন্য নির্বাচিত উপকারভোগীদের মাঝে তেলাপিয়া ও টেংরা মাছের পোনা এবং মাছ চাষের জন্য প্রয়োজনীয় সাত ধরনের মৎস্য উপকরণ বিতরণ করা হয়।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক মৎস্যচাষ প্রযুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক মৎস্যচাষিদের উৎপাদন ও আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।








