রাঙ্গুনিয়ায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে পল্লী চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর পার্কভিউ হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় আড়াই শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। এছাড়া হার্ট অ্যাটাক রোগীর প্রাথমিক করণীয় ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. শওকত হোসেন, পার্কভিউ হাসপাতালের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ও ইনচার্জ মো. ফরহাদ হাসান, এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ওয়াইসিং মরমা ও অনিক সিকদার।
এ সময় অংশগ্রহণকারী পল্লী চিকিৎসকদের বিভিন্ন আধুনিক মেডিকেল ডিভাইসের সঠিক ব্যবহার সম্পর্কেও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানটি পার্কভিউ হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার মো. জাহেদুর ইসলামর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মজিবুক হক মানিক।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি পেলে রোগীরা আরও উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা পাবেন।








