নেশার ঘোরে বিশৃঙ্খলা, ভ্রাম্যমান আদালতের রায়ে কারাগারে যুবক।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের রুহুল আমিনের ছেলে সজিব রায়হান (২৪) রোববার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় জনশান্তি বিঘ্নিত করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে মাদকসহ আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
পরবর্তীতে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগের সত্যতা পেয়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, আদালতের আদেশ অনুযায়ী সাজাপ্রাপ্ত সজিব রায়হানকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।








