রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে রোববার উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, পল্লী উন্নয়ন বিষয়ক বিশেষ ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং বিআরডিবির সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রাপ্ত ঋণের যথাযথ ব্যবহার করে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার জন্য তিনি উপকারভোগীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, দেশের সামগ্রিক উন্নয়ন ততই ত্বরান্বিত হবে। তাই উৎপাদনমুখী কর্মকাণ্ডে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাবুজ্জামান শাওন এবং আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন।
বিআরডিবির উপকারভোগীদের পক্ষে সত্যবান সিংহ নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, বিআরডিবির সহায়তা তাঁর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিআরডিবির বিপুল সংখ্যক সুফলভোগী উপস্থিত ছিলেন।