নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের টেংরা খালে গোসল করতে নেমে মমতাজ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মমতাজ হোসেন চৌজা গ্রামের মৃত আজমতুল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টেংরা খালে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর খালের পাশের রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাল থেকে তুলে আনলেও ততক্ষণে তিনি মারা গেছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।#