ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বরিশালে আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর,পুলিশের ওপর আক্রমণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 9, 2026 - 1:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় মাদক ও চুরি মামলার এক আসামিকে গ্রেফতারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন বর্বরোচিত ও অনভিপ্রেত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।

​জানা গেছে,নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ মাদক ও চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এর কিছুক্ষণ পরই আসামির পক্ষ নিয়ে একদল উচ্ছৃঙ্খল লোক থানায় প্রবেশ করে হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা থানায় ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

​এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন,অপরাধী যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। প্রকাশ্য দিবালোকে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালানো চরম ধৃষ্টতা।

​সচেতন নাগরিক সমাজ এই আইন অমান্যকারী ও হামলাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়।

​আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।