সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
মো. নাসির, বিশেষ প্রতিনিধি: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। তবে তিনি নতুন কর্মস্থলে যোগদানের আগেই ওই আদেশে পরিবর্তন আনা হয় এবং নতুন করে আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর ২৮ জুন মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১ জুলাই কুমিল্লায় দায়িত্ব হস্তান্তর করে সিলেটে যোগদানের প্রস্তুতি নিলেও পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। ফলে তিনি সিলেটে দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

এদিকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দানের অর্থের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে সাম্প্রতিক আলোচনা ও প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে সিলেটে জেলা প্রশাসকের পদে একাধিক পরিবর্তন ঘটে।
সর্বশেষ জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে, তিনি দ্রুত দায়িত্ব গ্রহণ করে জেলার প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেবেন।








