টাকার দাবিতে ডেকে এনে হাতুড়িপেটা, প্রাণ গেল গৃহবধূর
নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী জসিম শেখের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। সেখানে তিনি স্ত্রীকে হত্যার পেছনে পরকীয়ার অভিযোগের কথা উল্লেখ করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া খানম জোনাকি (২৬) ওই গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। তাঁর স্বামী জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।
নিহতের পরিবারের দাবি, জসিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন সময় জোনাকিকে মারধর করতেন। ঘটনার দিন জোনাকি পাট বাছার কাজ করছিলেন। এ সময় জসিম তাঁকে বাড়িতে ডেকে এনে টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে জোনাকির মাথায় গুরুতর জখম হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য, জোনাকির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জানালা ভাঙার চেষ্টা করলে জসিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত জোনাকিকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
নিহতের আট বছরের মেয়ের অভিযোগ, তাঁর বাবা প্রায়ই মাকে মারধর করতেন।স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, জসিম শেখ স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করতেন। তবে এলাকাবাসীর দাবি, জোনাকির বিরুদ্ধে আনা ওই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাঁদের আরও দাবি, জসিম শেখ মাদকাসক্ত।
ঘটনার পর জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। থানায় তিনি স্ত্রীকে পরকীয়ার কারণে হত্যা করেছেন বলে দাবি করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে জোনাকির বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।








