ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম
জেদ্দা প্রতিনিধি: গতরাতে (৩ আগস্ট ২০২৬) সৌদি আরবের জেদ্দায় ‘জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার ও দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। একই সঙ্গে হুন্ডি পরিহার করে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর মাধ্যমে জাতীয় উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের সভাপতি মুফিজুল আলম মুফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ঈদ্রীসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম প্রবাসীদের ত্যাগ, পরিশ্রম ও দেশের প্রতি অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইলিয়াস ইলু, আব্দুল মান্নান ও মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা থেকে আগত জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের মক্কা শাখার সভাপতি আবুল কালাম, আবু লাভান গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন এবং বাংলা স্কুল পরিচালনা কমিটির সদস্য মামুনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মাওলানা আছাব উদ্দিন, রফিকুল হক চৌধুরী, খলিলুর রহমান, আলাউদ্দিন, মোহাম্মদ ফিরোজ, আব্দুল কাদের, মোহাম্মদ ইকবাল, ইসমাইল, ফয়েস আহমেদ, ইলিয়াস সিকদারসহ সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
এই সময় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী নেতা খলিলুর রহমান ও আলাউদ্দিন কে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান বক্তারা।
আলোচনা সভা শেষে এমপি এনামুল হক এনামকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের নেতৃবৃন্দ।








