ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ১০:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে লাগতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড, স্থায়ী হচ্ছে পরীক্ষামূলক কর্মসূচি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 2:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসা (বি-১/বি-২) আবেদনকারীদের জন্য চালু হওয়া ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত ৩১ জুলাই ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে পরিচালিত পরীক্ষামূলক কর্মসূচির পর্যালোচনায় দেখা গেছে, ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে এই বন্ড ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখছে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত কিছু দেশের বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ভিসা ইস্যুর আগে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হতে পারে। আগে পরীক্ষামূলক কর্মসূচিতে বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার। নতুন ব্যবস্থায় সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে এবং ৫ হাজার ডলারের নিম্নসীমা তুলে দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করা এবং ভিসার মেয়াদোত্তীর্ণের পর অবৈধভাবে অবস্থান করার প্রবণতা কমানো। পররাষ্ট্র দপ্তরের মতে, পরীক্ষামূলক কর্মসূচির তথ্য-উপাত্ত প্রমাণ করেছে যে বন্ড ব্যবস্থা ভিসার শর্ত মানতে আবেদনকারীদের উৎসাহিত করে।

তবে অভিবাসন অধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে, উচ্চ অঙ্কের বন্ড দরিদ্র ও উন্নয়নশীল দেশের প্রকৃত ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত আর্থিক বাধা সৃষ্টি করবে এবং বৈধ ভ্রমণ নিরুৎসাহিত হতে পারে।

বর্তমানে এই কর্মসূচি মূলত ৫০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, যার অধিকাংশই আফ্রিকার দেশ। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও দেশ এই তালিকায় যুক্ত করা হতে পারে বলে খসড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।