পঞ্চগড় সীমান্তে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।
রোববার (৯ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে জেলার বোদা উপজেলার লাহেড়ীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল।
বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. আব্দুল লতিফের নেতৃত্বে বোদা থানার লাহেড়ীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ীপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিজিবি সদস্যরা ট্যাবলেটগুলো জব্দ করেন।
জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন,মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান চলমান রয়েছে।
তিনি আরও জানান,সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।
দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ৫৬ বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।








