শাহানাসের খোঁজে পরিবারের আকুতি
আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন শাহানাস বেগম (৪৪) নামে এক গৃহবধূ। গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি দুই সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহানাস বেগম তার স্বামী দিদারুল আলম ও দুই সন্তানকে নিয়ে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৪৩) করেছেন তার স্বামী দিদারুল আলম।
নিখোঁজের পর থেকেই ছেলে হৃদয়, মেয়ে মিতু এবং পরিবারের অন্যান্য সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
টানা পাঁচ দিন ধরে কোনো খোঁজ না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। তারা শাহানাস বেগমের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৬১২-৪০২৯৬৪ ও ০১৮৮৮-২৬৮৯১৩ নম্বরে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল আল সুমন বলেন, “গৃহবধূ শাহানাস বেগম নিখোঁজের ঘটনায় সীতাকুণ্ড থানায় জিডি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।”








