ঢাকা | আগস্ট ১৬, ২০২৬ - ৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে রাব্বি হত্যাকান্ডে জড়িত আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 16, 2026 - 11:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মাসকান্দায় চাঞ্চল্যকর রাব্বি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৬ আগস্ট) নগরীর মাসকান্দা ১৫ নম্বর ওয়ার্ড এলাকাস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাব্বি হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে নিহত রাব্বির স্ত্রী মিথিলা আক্তার অভিযোগ করে বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, রাব্বি কোনো চাঁদাবাজ ছিলেন না; বরং পাসপোর্ট অফিস এলাকায় চাঁদাবাজি বন্ধে তিনি ভূমিকা রেখেছিলেন।

মিথিলা আক্তার আরও অভিযোগ করেন, হামলাকারীরা ফোন করে রাব্বিকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি দোকানের ভেতরে ঢোকায়। পরে দোকানের সাটার বন্ধ করে তাকে হত্যা করা হয়।

স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন উল্লেখ করে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন মিথিলা। তিনি জানান, তার গর্ভে আট মাসের সন্তান রয়েছে এবং ১৭ মাস বয়সী আরও একটি সন্তান রয়েছে।

এ সময় এলাকাবাসী রাব্বি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এর আগে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মাসকান্দা এলাকার একটি কম্পিউটার দোকানে মাসকান্দা হাই স্কুল রোডের বাসিন্দা মোবারক হোসেন এর পুত্র রুবেল হোসাইন রাব্বি ২৮ কে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে খালেক, সাব্বির ও তাদের সহযোগীরা।

এই ঘটনায় নিহত রাব্বির বাবা মোবারক হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতেই মামলার প্রধান আসামি খালেককে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শহরের মধ্য বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান সহযোগী সাব্বিরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে এক আসামি।