নেত্রকোনায় বিনামূল্যে বিতরণের সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
মামুন কৌশিক, নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টার বিশ্ব খাদ্য সংস্থার কর্মসূচির আওতায় বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত MOP সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ ২০ আগস্ট বিকালে উপজেলার গোপালপুর বাজারের মইন উদ্দিন ট্রেডার্স নামের ওই দোকানে এই মোবাইল কোর্ট করা হয়।মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলা সদরের গোপালপুর বাজারের মইন উদ্দিন ট্রেডার্স নামক দোকানে দীর্ঘদিন ধরে গোপনে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত MOP সার বিক্রি করে আসছিল।গোপনে তথ্য পেয়ে আজ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত MOP সার বিক্রয়ের অপরাধে মুমিন মিয়া নামক এক ব্যক্তিকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সুরক্ষায় বারহাট্টা থানার একদল পুলিশ সদস্য উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।
বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম জানান কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








