ঢাকা | আগস্ট ২৪, ২০২৬ - ৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিউইয়র্কে দোকানে ঢুকে দুই বাংলাদেশিকে গুলি, নিহত একজন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 23, 2026 - 4:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রাউনসভিল এলাকায় ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিচিতজনদের ভাষ্য অনুযায়ী, একজন বন্দুকধারী দোকানে ঢুকে হঠাৎ গুলি চালালে সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তাদের একজনের পায়ে এবং রাজুর বুকে গুলি লাগে।

গুরুতর আহত দুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। অন্য আহত বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের তথ্য অনুযায়ী, রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছাকাছি একটি রেস্তোরাঁয় গুলির ঘটনায় দুইজন আহত হন। তাদের উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজুর দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। কয়েক বছর আগে উন্নত ও নিরাপদ জীবনের আশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত বন্দুকধারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।