ট্রাম্পের কড়া আক্রমণের মুখে গভর্নর ক্যাথি হোচুল: ‘লেক আমেরিকা’ নাম মানবে না নিউইয়র্ক
মো. নাসির, নিউ জার্সি প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের মধ্যে নতুন করে রাজনৈতিক বিরোধ দেখা দিয়েছে। লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করায় হোচুলকে তীব্র আক্রমণ করেছেন ট্রাম্প।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হোচুলের সমালোচনা করে অভিযোগ করেন, তিনি নিউইয়র্কের স্বার্থের কথা ভাবেন না এবং কানাডার পক্ষ নিচ্ছেন। একই সঙ্গে তিনি হোচুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন এবং রিপাবলিকান প্রার্থী ব্রুস ব্লেকম্যানকে সমর্থন করেন।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে লেক অন্টারিওর যুক্তরাষ্ট্রের সরকারি নাম ‘Lake America’ করার নির্দেশ দেন। তবে এই পরিবর্তন মূলত মার্কিন ফেডারেল সরকারের ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য; কানাডা বা নিউইয়র্ক রাজ্যকে নতুন নাম গ্রহণে বাধ্য করা হয়নি।
গভর্নর হোচুল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “নিউইয়র্ক এটি সেই নামে ডাকবে না।” কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও নাম পরিবর্তনের বিরোধিতা করেছেন এবং বলেছেন, ‘Ontario’ নামটির ঐতিহাসিক ও আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে।
লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যিক উত্তেজনার মধ্যেও নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে।








